রাজধানীর আজিমপুর সরকারি কলোনিতে সরকারি জায়গা দখল ও বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে আজিমপুর গভর্নমেন্ট কোয়ার্টার্স কল্যাণ সমিতি প্রতিবাদ জানিয়েছে। ১ জুলাই প্রকাশিত সংবাদে বিএনপি নেতার রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগ ওঠে, যা সমিতির দাবি অনুযায়ী ভিত্তিহীন ও একপাক্ষিক।
সমিতির সাধারণ সম্পাদক মুহা. মনোয়ার হোছাইন (কাউছার) স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়েছে, সংবাদ প্রকাশের আগে তাদের বক্তব্য নেওয়া হয়নি, ফলে প্রকৃত তথ্য উঠে আসেনি। তারা দাবি করেন, পূর্ববর্তী সরকারের সময়ে কলোনির পরিবেশ ছিল অনিরাপদ, তবে বর্তমান সরকারের সময়ে সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে।
প্রতিবাদপত্রে আরও বলা হয়, সরকারি জায়গা দখল ও বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং এসব অভিযোগের মাধ্যমে কল্যাণ সমিতি ও কলোনিবাসীর সম্মানহানির চেষ্টা করা হচ্ছে। তারা উল্লেখ করেন, কলোনির ২৭ নম্বর মাঠে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য অস্থায়ী ছাউনি তৈরি করা হয়েছে এবং পুরো কলোনি নিরাপত্তাকর্মী ও সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এর আগে প্রকাশিত প্রতিবেদনে সরকারি জায়গা দখল ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ তুলে ধরা হয়েছিল। প্রতিবাদে উল্লেখ করা হয়েছে, প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলো সংশ্লিষ্ট সূত্র থেকে প্রাপ্ত তথ্যের আলোকে উপস্থাপন করা হয়েছে। তবে কল্যাণ সমিতির প্রতিবাদে ভিন্ন বক্তব্য তুলে ধরা হয়েছে, যা পাঠকদের স্বার্থে গুরুত্বসহকারে প্রকাশ করা হয়েছে।
অনলাইন ডেক্স 





















