বিজ্ঞানী ও কথাসাহিত্যিক ড. — বিজ্ঞানী, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক ড. পূরবী বসু আর নেই। তিনি ১৩ নভেম্বর শুক্রবার দুপুর ১টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পোর্ট সেন্ট লুসি শহরে নিজ বাসভবনে ঘুমের মধ্যে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
ড. পূরবী বসুর ছেলে দীপেন দত্ত ফেসবুকে মায়ের প্রয়াণের খবর জানিয়ে আবেগঘন বার্তায় তার দীর্ঘ ও সংগ্রামী জীবনের কথা তুলে ধরেছেন। তার স্বামী কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্তও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পূরবী দীর্ঘদিন পারকিনসন্স রোগে ভুগছিলেন এবং আগে স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন। একটি সড়ক দুর্ঘটনার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।
দীপেন দত্ত জানান, পূরবী বসু গত দুই বছর আগে বড় ধরনের স্ট্রোক করেন এবং পাঁচ বছর আগে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন। ১২ বছর আগে তিনি ক্যানসার জয় করেছিলেন। প্রায় ২০ বছর আগে পারকিনসন্স রোগ ধরা পড়ার পরও তিনি অদম্য মনোবল নিয়ে বেঁচে ছিলেন।
মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে দীপেন দত্ত বলেন, ‘আমার মা আমার দেখা সবচেয়ে শক্তিশালী মানুষ ছিলেন। প্রকৃতির এক সত্যিকারের অপ্রতিরোধ্য শক্তি, যিনি তার সংস্পর্শে আসা প্রতিটি মানুষের মনে গভীর রেখাপাত করে গেছেন এবং অসংখ্য মানুষের জীবনকে উন্নত করেছেন।’
জীবনভর বিজ্ঞান ও মানবকল্যাণে ব্রতী থাকা এই মানুষটির আজীবনের ইচ্ছা অনুযায়ী, তার মরদেহ চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য ইউনিভার্সিটি অব মায়ামিতে দান করার প্রক্রিয়া চলছে।
বাংলা সাহিত্য, বিজ্ঞান এবং নারী আন্দোলনের অঙ্গনে ড. পূরবী বসু এক দীপ্তময় ও বরেণ্য নাম। তিনি একাধারে একজন কৃতি বিজ্ঞানী, প্রাবন্ধিক, ছোটগল্পকার, কবি এবং ঔপন্যাসিক। তার লেখনিতে বিজ্ঞানের শাণিত যুক্তি ও সূক্ষ্ম বিশ্লেষণ, বাংলার সমাজজীবনের গভীরে প্রোথিত অবহেলিত মানুষের বেদনাবোধ, নারীর আত্মোপলব্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বার্তা ফুটে উঠেছে।
ড. পূরবী বসু ১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। চতুর্থ শ্রেণিতে পড়াকালীন তার লেখা একটি গোয়েন্দা গল্প স্থানীয় দেয়াল পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং মুন্সিগঞ্জের একটি স্থানীয় দৈনিক পত্রিকার ছোটদের পাতা- যেমন ‘কচিকাঁচার আসর’, ‘সাত ভাই চম্পা’ এবং ‘খেলাঘর’-এ নিয়মিত লেখালেখি শুরু করেন।
১৯৫৯ সালে প্রখ্যাত সাহিত্যিক আহসান হাবীব সম্পাদিত তৎকালীন দৈনিক পাকিস্তান পত্রিকার সাহিত্য পাতায় তার একটি গল্প প্রকাশিত হয়, যা তার সাহিত্যিক জীবনে একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। সাহিত্যচর্চার পাশাপাশি শিক্ষাজীবনেও তিনি ছিলেন অত্যন্ত মেধাবী।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি বিষয়ে স্নাতক (অনার্স) ডিগ্রি অর্জন করেন। ফার্মেসিতে পড়াশোনা শেষ করার পর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে মেডিক্যাল কলেজ অব পেনসিলভেনিয়া থেকে প্রাণ-রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরে ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
ডক্টরেট ডিগ্রি অর্জনের পর তিনি পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন এবং তার গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গবেষণা বৃত্তি লাভ করেন। তার বহু গবেষণা-প্রবন্ধ বিশ্বের নানা খ্যাতনামা বিজ্ঞান ও চিকিৎসা বিষয়ক জার্নালে প্রকাশিত হয়েছে।
ড. পূরবী বসুর পেশাগত জীবন অত্যন্ত বৈচিত্র্যময় ও সমৃদ্ধ। তিনি নিউইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারে গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরে কর্নেল ইউনিভার্সিটিতে অধ্যাপনার সঙ্গ যুক্ত হন। দীর্ঘকাল প্রবাসে বিজ্ঞান সাধনা ও অধ্যাপনা শেষে তিনি দেশে ফিরে আসেন এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে উচ্চ পদে যোগদান করেন। এছাড়া তিনি বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবনে তিনি ১৯৬৭ সালের ২৪ সেপ্টেম্বর একুশে পদক বিজয়ী সাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এক মেয়ে ও এক ছেলে রয়েছেন।
ছোটবেলায় লেখালেখি শুরু করলেও পেশাগত জীবনের ব্যস্ততা পেরিয়ে ১৯৮৯ সালে সমবায় প্রকাশনী থেকে তার প্রথম মৌলিক গল্পের বই ‘পূরবী বসুর গল্প’ প্রকাশিত হয়। তার গল্পে, উপন্যাসে বিশেষভাবে ফুটে উঠেছে সমাজের অবহেলিত, নিপীড়িত, প্রান্তিক মানুষ এবং ধর্মীয় সংখ্যালঘু ও দরিদ্র জনগণের জীবনসংগ্রামের বাস্তব চিত্র।
এছাড়া বেঙ্গল পাবলিকেশন্স থেকে প্রকাশিত তার ‘আমার এ দেহখানি’ গ্রন্থে পুরুষ ও পুরুষতন্ত্র, মাতৃত্ব এবং নারী-পুরুষের সৃষ্টির আদি রহস্য নিয়ে গভীর দার্শনিক ভাবনা প্রকাশ পেয়েছে। ২০১৪ সালে অন্য প্রকাশ থেকে প্রকাশিত তার প্রথম উপন্যাস ‘অবিনাশী যাত্রা’ প্রবাসজীবনে একজন নারীর একা বেঁচে থাকার দীর্ঘ সংগ্রাম ও আত্মিক উপলব্ধির এক মর্মস্পর্শী দলিল। বাংলা কথাসাহিত্যে ও মননশীল লেখায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ড. পূরবী বসু দেশের বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন, এর মধ্যে উল্লেখযোগ্য হলো- অনন্যা সাহিত্য পুরস্কার (২০০৫) এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১৫)।
অনলাইন ডেক্স 
























