খুলনা মহানগরীর নতুন রেলস্টেশন সংলগ্ন রাস্তার দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি অঙ্কন করা হলে দুর্বৃত্তরা সেখানে কালি লেপটে দেয়। তবে বিকৃত করা সেই দেয়ালচিত্র ফের নতুন করে আঁকা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সে বিকৃত ছবি পুনরায় অঙ্কনের নির্দেশ দেওয়ার পর অঙ্কন করা হয় সেই গ্রাফিতি। কেসিসি ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন দেয়ালে দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।
কিন্তু দুর্বৃত্তরা রবীন্দ্রনাথের চিত্রে কালো কালি লেপে দেয় এবং তার বিরুদ্ধে বিভিন্ন বক্তব্যসংবলিত পোস্টার দেয়ালে লাগিয়ে দেয়। শনিবার দুপুরে দেয়ালচিত্রটি পরিদর্শন করে ক্ষোভ ও নিন্দা জানান কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি ঘটনাটিকে অসম্মানজনক ও বিদ্বেষমূলক উল্লেখ করে প্রতিকৃতিটি নতুন করে আঁকার ঘোষণা দেন।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, মতপ্রকাশের নামে এমন কোনো কাজ করা উচিত নয় যা অন্যকে অসম্মান করে। বিকৃত করা এই চিত্র পুনরায় অঙ্কন করা হয়েছে বলে তিনি জানান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, শুক্রবার সড়কের বিপরীত পাশের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এ কারণে কে বা কারা দেয়ালচিত্রটি বিকৃত করেছে, তা জানা যায়নি। পুলিশ বিষয়টি জানার পর খোঁজখবর নেওয়া শুরু করেছে।
অনলাইন ডেক্স 























