গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মারামারি ও মাদক মামলায় পরোয়ানাভুক্ত ১০ আসামিকে এক রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে মারামারির মামলার আসামি হিসেবে রয়েছেন আলামিন খান (৪০), সুমন খান (২২), আকবর (৪৫), সাদেক খান (৪৬), জামাল (৪৬), মোমরেজ (৪৩), সবুর খান (৪৬), জিকরুল (৩২) এবং মাদক মামলার আসামি তরিক মুন্সী (২০)।
ওসি আইয়ুব আলী জানান, ২০২৫ সালের ৬ অক্টোবর গওহরডাঙ্গা গ্রামে ডাব পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫-২০ জন আহত হন। এ ঘটনায় নেজাম সরদার বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন।
পরে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা আসার পর পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৯ পলাতক আসামিকে গ্রেপ্তার করে। এছাড়া, ওই রাতেই তরিক মুন্সীকে নিলফা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অনলাইন ডেক্স 























