২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় মানবিক বিভাগে পাসের হার ৪২ দশমিক ১৭ শতাংশ, যা সবচেয়ে কম। অপরদিকে, বিজ্ঞান বিভাগের পাসের হার ৭৩ দশমিক ১২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পাসের হার ৫০ দশমিক ৭৭ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ফল বিশ্লেষণে দেখা যায়, মানবিক বিভাগে ২ লাখ ৫৮ হাজার ৯৩২ জন ছাত্র পরীক্ষায় অংশ নেন, এর মধ্যে ৯০ হাজার ৬৬৪ জন পাস করেন। অর্থাৎ, ১ লাখ ৬৮ হাজার ২৬৮ জন ছাত্র অকৃতকার্য হন।
মানবিক বিভাগে ৩ লাখ ৪৮ হাজার ৮০৩ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেন, তাদের মধ্যে ১ লাখ ৬৫ হাজার ৬৪৭ জন পাস করেন। ফলে, ১ লাখ ৮৩ হাজার ১৫৬ জন ছাত্রী অকৃতকার্য হন। সব মিলিয়ে মানবিক বিভাগে ২ লাখ ৫৬ হাজার ৩১১ জন পাস করেছেন এবং ৩ লাখ ৫১ হাজার ৪২৪ জন অকৃতকার্য হয়েছেন।
এদিকে, ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন, তবে বেশ কিছু পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ, যেখানে জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন।
অনলাইন ডেক্স 
























