দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে পাসের হার ৪৫.৯৮ শতাংশে নেমে এসেছে, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। এ বছর ৪৯টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি, অন্যদিকে মাত্র ছয়টি কলেজ শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস আহমেদ সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন। ২০২৬ সালে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৯ হাজার ৫৯১ জন, যার মধ্যে ১ লাখ ১১ হাজার ১৭৯ জন পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণ হয়েছেন ৫১ হাজার ৩৯৬ জন, এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৮৭৬ জন শিক্ষার্থী।
গত সাত বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২০ সালে পাসের হার ছিল ১০০ শতাংশ, ২০২১ সালে ৯২.৮০, ২০২২ সালে ৭৯.০৮, ২০২৩ সালে ৪৮.৪৮, ২০২৪ সালে ৭৭.৫৬ এবং ২০২৫ সালে ৫৭.৮৯ শতাংশ। ২০২৬ সালে পাসের হার গত বছরের তুলনায় ১১.৯১ শতাংশ পয়েন্ট কমেছে।
কলেজভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ৬৬৮টি কলেজের মধ্যে মাত্র ছয়টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। ৪০টি কলেজের পাসের হার ৫০ থেকে ৭০ শতাংশের মধ্যে এবং ১৬টি কলেজের পাসের হার ৭০ থেকে ৯০ শতাংশের মধ্যে রয়েছে।
এই ফলাফলের প্রেক্ষাপটে বোর্ডের শিক্ষার মান, কলেজভিত্তিক পাঠদান কার্যক্রম এবং শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয়গুলো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ৪৯টি কলেজে কোনো শিক্ষার্থী পাস করতে না পারার ঘটনা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার পরিবেশ ও পাঠদান পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে।
অনলাইন ডেক্স 






















