আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু। তিনি বলেন, এমন ঘটনায় বহিষ্কারাদেশ আর প্রত্যাহার করা হবে না।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ফেনীর পরশুরামে মির্জানগর তৌহিদ একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মজনু বলেন, যারা দলের জন্য কাজ করেছেন এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নন, তাদের মনোনয়ন দেওয়া হলে ওই প্রার্থী নির্বাচিত হতে পারবেন না। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। তিনি যোগ করেন, জনগণের জন্য কাজ করতে সক্ষম এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারা ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হলে দল ও জনগণ উভয়ই উপকৃত হবে।
তিনি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেন, নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং নেতাকর্মীদের এসব ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
সভায় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা কৃষক দলের সাবেক সহ-সভাপতি সাহেদ আমান চৌধুরী এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আলিম মাকসুদ। সভাটি উপজেলা বিএনপির সদস্যসচিব ইব্রাহিম খলিল মনির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনলাইন ডেক্স 





















