বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক জনগণের অধিকার আদায়ের আন্দোলনে ঢাকার রাজপথে সমবেত হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এই আহ্বান জানান আজ শনিবার শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা পয়েন্টে অনুষ্ঠিত এক পথসভায়।
১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে মামুনুল হক বলেন, দেশের মানুষের অধিকার আদায় এবং ৭০ শতাংশ মানুষের ভোটে প্রকাশিত গণরায়ের মর্যাদা রক্ষার জন্য আন্দোলন চলছে। তিনি বলেন, আগামী দিনে গণভোটের রায় বাস্তবায়নের এক দফা দাবিতে ঢাকার রাজপথে সমবেত হওয়ার আহ্বান জানানো হলে জনগণ প্রস্তুত থাকবে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার পাঁয়তারা বন্ধ করতে হবে। অন্যথায় জনগণ সরকারকে লালকার্ড দেখানোর জন্য প্রস্তুত রয়েছে। মামুনুল হক আরও বলেন, সময়মতো ডাক আসবে এবং সারাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা হবে।
তিনি জানান, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
অনলাইন ডেক্স 





















