কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় দুই কিশোরসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। গত মঙ্গলবার (২০ অক্টোবর) মামলার তদন্ত শেষে এ অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগপত্রে বলা হয়েছে, মোবাইল ফোন ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় অপ্রতিমকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ আনা হয়েছে। জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগপত্রে সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯), মো: সিয়াম (১৯) এবং ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোরকে অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। শিশু আইন অনুযায়ী, দুই কিশোরকে অভিযোগপত্রে শিশু হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশের তদন্তে জানা গেছে, অপ্রতিমের সঙ্গে থাকা আইফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই হত্যাকাণ্ডটি ঘটে। ১৮ সেপ্টেম্বর বিকেলে তুহিন অপ্রতিমকে নিয়ে নির্জন জঙ্গলে যায় এবং সেখানে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে অপ্রতিম বাধা দেয়। এ নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে তুহিনসহ অন্যরা অপ্রতিমকে আঘাত করে।
অভিযোগপত্র দাখিলের পর নিহত অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার দ্রুত বিচার শেষ করে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘ছেলেকে ঘিরেই আমাদের বাঁচার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন খুনিরা কেড়ে নিয়েছে। খুনিদের দ্রুত বিচার চাই।’
অনলাইন ডেক্স 
























