রাজধানীতে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক সেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ এখন এমন একটি অবস্থানে রয়েছে, যেখানে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। তিনি জানান, বাংলাদেশ অন্য খেলোয়াড়দের খেলার জন্য দাবার বোর্ড হতে চায় না, বরং নিজেদের শর্তে খেলতে চায়।
শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ বাকি বিশ্বের সঙ্গে আলোচনা, সহযোগিতা এবং অংশীদারত্ব করতে প্রস্তুত। তবে তিনি উল্লেখ করেন, দেশের পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণের স্বার্থ।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ উপসাগরীয় যুদ্ধের মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছে, যেখানে দুটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। এর মধ্যে একটি হলো অপ্রত্যাশিত জ্বালানি সংকট এবং অন্যটি হলো বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, যারা উপসাগরীয় দেশগুলোতে বসবাস ও কাজ করেন।
তিনি জানান, বাংলাদেশ বৈচিত্র্যকরণ, নতুন উৎস এবং নতুন ক্ষেত্রগুলোর দিকে নজর দিচ্ছে, যেখান থেকে জ্বালানি সংগ্রহ করা সম্ভব। তিনি বলেন, দেশে নিজস্ব গ্যাস এবং এলএনজির উৎস রয়েছে, যা আগে কখনও অনুসন্ধান করা হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ইতোমধ্যেই এর অনুসন্ধান শুরু করেছে।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ ১০ বছরেরও বেশি সময় ধরে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে, যা দেশের অর্থনীতির ওপর একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ সবসময়ই সহযোগিতাপূর্ণ এবং সংবেদনশীল। তিনি রোহিঙ্গা শরণার্থীদের সম্মানজনক, নিরাপদ ও সুশৃঙ্খল প্রত্যাবাসনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
অনলাইন ডেক্স 























