হরমুজ প্রণালি এলাকায় দুটি তেলবাহী ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’ (প্রজেক্টাইল) আঘাত হেনেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার হরমুজ প্রণালী অতিক্রম করার সময় একটি ট্যাংকার আক্রান্ত হয়।
মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) জানিয়েছে, কৌশলগত এই জলপথে জাহাজটি একটি ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতে ‘আগুন লেগে যায়’। যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন হতো।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গুরুত্বপূর্ণ এ নৌপথটি যুদ্ধের কেন্দ্রবিন্দুতে চলে আসে। যুদ্ধ শুরুর পর তেহরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত অচল করে দিয়েছে এবং অনুমতি ছাড়া পার হওয়ার চেষ্টা করলে হামলা চালিয়েছে।
ইউকেএমটিও জানিয়েছে, প্রথম হামলায় জাহাজটিতে ‘ছোট আকারে আগুন ধরে যায় এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে’। পরে আগুন নেভানো হয় এবং এ ঘটনায় হতাহত বা পরিবেশের ওপর কোনো প্রভাব পড়ার খবর পাওয়া যায়নি।
জাহাজটি হামলার পর আবার যাত্রা শুরু করতে সক্ষম হয়। তবে জাহাজটি কোথা থেকে যাত্রা শুরু করেছিল বা গন্তব্য কোথায় ছিল, তা জানানো হয়নি। ঘটনার কয়েক ঘণ্টা পর ওমানের পূর্বে আরেকটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হেনেছে বলে জানানো হয়েছে।
ইউকেএমটিও জানিয়েছে, এসব ঘটনার তদন্ত চলছে।
অনলাইন ডেক্স 
























