চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ (৫০) গ্রেপ্তার হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ইচলি চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদ শোশাইরচর গ্রামের হাজী বাড়ীর মীর হোসেনের ছেলে। তিনি ওই ইউনিয়ন থেকে টানা দুইবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশনায় একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। পরে তাকে ফরিদগঞ্জ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এ বিষয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের বেআইনি তৎপরতা ও নাশকতা প্রতিরোধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
অনলাইন ডেক্স 






















