নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মহাসড়কে মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত শোভাযাত্রার নেতৃত্ব দিচ্ছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মোটরসাইকেল নিয়ে মিছিলটি বের করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ। ভিডিওতে ৫০টিরও বেশি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা 'শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে'সহ নানা স্লোগান দিচ্ছেন।
হাসিবুল ইসলাম শান্ত বাংলাদেশের জাতীয় পতাকা হাতে স্লোগান ধরিয়ে সামনে মোটরসাইকেলে দাঁড়িয়ে আছেন। তার পাশের মোটরসাইকেলে একজন যুবক শেখ হাসিনার ছবি ধরে রেখেছেন। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা শান্তর পরিচয় ও পদবি নিশ্চিত করেছেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম খান বলেন, 'নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রার কোনও তথ্য আমার কাছে নেই। তবে মিছিলের ভিডিও ফেসবুকে দেখেছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
অনলাইন ডেক্স 
























