চট্টগ্রাম নগরের ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় রেললাইনের ওপর থাকা এক শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় দেলোয়ার হোসেন মিন্টু (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় রাহাত (১০) নামে ওই শিশুও গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কান্তি দে জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটিকে বাঁচাতে গিয়ে মিন্টু নিহত হন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং নিহত ও আহতের পরিচয় ও ঠিকানা সংগ্রহ করা হচ্ছে।
নিহত দেলোয়ার হোসেন মিন্টু পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন। আহত রাহাত পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার আব্দুল মালেক সাহেবের বাসার মো. ফারুকের ছেলে। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
রাহাতের বাবা মো. ফারুক জানিয়েছেন, তার ছেলে জুমার নামাজের পর ২০ টাকা নিয়ে চটপটি খেতে বের হয়েছিল। দুর্ঘটনার পর তার ছেলের শারীরিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘এখন আমার ছেলের হাত নেই, পা নেই।’
অনলাইন ডেক্স 






















