পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিশ্বের নানা জায়গায় যুদ্ধের কারণে চলমান তেল সংকটের মধ্যে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচী অযৌক্তিক।
রবিবার (০৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, জামাত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট এতদিন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে ব্যর্থ হয়েছে। এখন তারা তেল, বিদ্যুৎ, সারসহ বিভিন্ন সংকটের কথা বলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তিনি দেশীয় মাছের প্রজাতি রক্ষায় সচেষ্ট থাকার আহ্বান জানান এবং পানিতে ডুবে অপমৃত্যু রোধে শিশুদের সাঁতার শেখানোর গুরুত্ব তুলে ধরেন। যুব সমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তিনি।
এসময় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা কে এম আব্দুল হালিম, উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, বোদা উপজেলা মৎস্য কর্মকর্তা এবং সাঁতার প্রশিক্ষনার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 

























