আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরীর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুলের নাম ঘোষণা করা হয়েছে।
গতকাল শুক্রবার নগরীর মদীনা মার্কেট এলাকার একটি মিলনায়তনে দলের কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি এই ঘোষণা দেন। একই সঙ্গে তিনি দলের নেতাকর্মীদের ড. নূরুল ইসলামের পক্ষে নির্বাচনি কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেন।
এ টি এম আজহারুল ইসলাম বলেন, সিলেট নগরবাসীর নাগরিক অধিকার নিশ্চিত করা এবং নগরীকে আধুনিক ও পরিচ্ছন্ন করে গড়ে তোলার লক্ষ্যেই ড. নূরুল ইসলাম বাবুলকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
তিনি আরও বলেন, একজন জনপ্রতিনিধির দায়িত্ব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জনগণের অধিকার ও কল্যাণ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। সৎ ও যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত হলে জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হবে।
ড. নূরুল ইসলাম বাবুলকে পরিচ্ছন্ন রাজনীতি ও সততার প্রতীক হিসেবে উল্লেখ করে এ টি এম আজহারুল ইসলাম বলেন, তার নেতৃত্বে সিলেট সিটি কর্পোরেশনকে একটি জনকল্যাণমুখী নগরীতে পরিণত করার সুযোগ রয়েছে।
অনলাইন ডেক্স 
























