আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আজ শনিবার সকাল ৭টায় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেন। তিনি বলেন, দেড়শ টাকার লাঞ্চের গল্প আর ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া গত ছয় মাসে বিএনপি সরকারের বলার মতো আর কোনো সাফল্য নেই।
মঞ্জু আরও বলেন, ৩১ দফার স্বপ্ন দেখানো ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারকারী দলের কার্যক্রমে মানুষ হতাশ হতে শুরু করেছে। তিনি প্রশ্ন করেন, যারা গণভোটের রায় মানে না এবং বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর ওয়াদা ভঙ্গ করে, জনগণ কীভাবে তাদের বিশ্বাস করবে?
তিনি উল্লেখ করেন, বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে এবং অসহনীয় লোডশেডিং ও ভৌতিক বিদ্যুৎ বিলের কারণে জনগণের মধ্যে ক্ষোভ বেড়ে গেছে। মঞ্জু জনরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর পুরোনো রাজনীতি পরিহার করার আহ্বান জানান।
এদিকে, জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চে কোনো বাধা এলে তা মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছানো হবে।
সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, এ লংমার্চ আপামর জনতার। তিনি সরকারকে সতর্ক করে বলেন, যদি লংমার্চে বাধা দেয়, তাহলে সব বাধা উপেক্ষা করে চট্টগ্রামে পৌঁছানো হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে। তিনি সতর্ক করেন, ক্ষমতার মসনদে বসে জাতিকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সমাবেশ শেষে সকাল ৮টা ১৫ মিনিটে লংমার্চটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। পথে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা করার পরিকল্পনা রয়েছে।
অনলাইন ডেক্স 






















