চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ছাত্রশিবিরের চবি শাখার সভাপতি ইব্রাহিম হোসেন রনি, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ খালেদ, এবং আন্তর্জাতিক মানবাধিকার সম্পাদক সাইদ বিন হাবিবসহ সংগঠনটির নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তারা দাবি করেন, প্রতিষ্ঠার প্রায় ছয় দশক পরও বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর আবাসন নিশ্চিত হয়নি। বর্তমানে ২০ শতাংশেরও কম শিক্ষার্থী হলে থাকার সুযোগ পাচ্ছেন, এবং ৮০ শতাংশের বেশি শিক্ষার্থী ক্যাম্পাসের আশপাশের কটেজ, মেস ও শহরে বসবাস করছেন।
নেতারা বলেন, প্রশাসনকে আগামী তিন দিনের মধ্যে শতভাগ আবাসন নিশ্চিত করার একটি রোডম্যাপ প্রকাশ করতে হবে। তারা আবাসন সংকট নিরসনে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালুর দাবি জানান। এছাড়া, হলের সিট বণ্টন প্রক্রিয়া সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও মেধাভিত্তিক করার দাবি জানানো হয়।
ছাত্রশিবির নেতারা অভিযোগ করেন, সম্প্রতি কিছু হলে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীদের সুবিধা দিতে প্রশাসনিক সুপারিশের মাধ্যমে সিট বরাদ্দের ঘটনা ঘটেছে। তারা সোহরাওয়ার্দী হলের সদ্য পদত্যাগকারী প্রভোস্টকে ছাত্রদলের এক নেতার হুমকি দেওয়ার অভিযোগের প্রসঙ্গ তুলে ঘটনার তদন্তের দাবি জানান।
পরিবহন ব্যবস্থা সংস্কারের দাবিতে তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও পর্যাপ্ত পরিবহন নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। শাটল ট্রেনের বগি ও সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় রুটে বাস বাড়ানো এবং ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়। এছাড়া, অবিলম্বে চাকসু ও সিনেট নির্বাচনের তফসিল ঘোষণা করার দাবি জানানো হয়।
অনলাইন ডেক্স 

























