জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. শাহজাহান বলেছেন, গণভোটের গণরায় উপেক্ষা করে কারও দেশ চালানোর ক্ষমতা নেই।
তিনি জানান, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হওয়া ১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রামের লালদিঘি ময়দানে গিয়ে শেষ হবে। এই লংমার্চে বিভিন্ন জেলা থেকে গাড়ির বহর যুক্ত হবে। সমাপনী সমাবেশ থেকে গণভোটের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনার কোনো সুযোগ নেই—এমন বার্তা দেওয়া হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম মহানগরী জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শাহজাহান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জনগণের ন্যায্য দাবি আদায় এবং রাষ্ট্রীয় সংস্কারের দাবি জোরালো করার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ নানা সংকট ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট, সারের সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
লংমার্চে ব্যাপক জনসম্পৃক্ততার প্রস্তুতির কথা জানিয়ে শাহজাহান বলেন, ঢাকা থেকে চট্টগ্রামমুখী পুরো মহাসড়কের বিভিন্ন জনবহুল এলাকায় ১১ দলীয় ঐক্যের লংমার্চকে স্বাগত জানাতে মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, লালদিঘী ময়দানে লাখ লাখ মানুষ অংশগ্রহণ করবেন।
অনলাইন ডেক্স 























