মার্কিন ক্লাব ইন্টার মায়ামি নতুন হেড কোচ হিসেবে আর্জেন্টিনার সাবেক উইঙ্গার ক্রিস্টিয়ান ‘কিলি’ গনজালেজকে নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ক্লাবটি এক বিবৃতিতে এই চুক্তির খবর নিশ্চিত করে। গনজালেজের অন্তর্ভুক্তি ক্লাবটির শক্তি বাড়াবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে অন্তর্বর্তীকালীন কোচ গুইলার্মো হোয়োস দায়িত্বে রয়েছেন এবং যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি না পাওয়া পর্যন্ত তিনি মায়ামির ডাগআউটে থাকবেন। এরপর গনজালেজের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হবে।
৫২ বছর বয়সী গনজালেজ খেলোয়াড়ি জীবনে ইন্টার মিলান, ভ্যালেন্সিয়া ও জারাগোজার মতো নামী ক্লাবে খেলেছেন। তিনি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত ৫৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
গনজালেজ ২০২০ সালে কোচিংয়ে পা রাখেন এবং এরপর আর্জেন্টিনার তিনটি ক্লাবের দায়িত্ব পালন করেছেন। এবার তিনি প্রথমবারের মতো আর্জেন্টিনার বাইরে কোনো ক্লাবের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন।
ইন্টার মায়ামি বর্তমানে খারাপ সময় পার করছে, অন্তর্বর্তীকালীন কোচ হোয়োসের অধীনে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে দলটি। তবে তারা ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে, শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে।
গনজালেজের সামনে বড় চ্যালেঞ্জ হলো মায়ামিকে দ্রুত জয়ের ধারায় ফিরিয়ে আনা এবং মেসিদের নিয়ে গড়া তারকাসমৃদ্ধ দলকে নতুন কৌশলে সংগঠিত করা।
অনলাইন ডেক্স 

























