দীর্ঘ প্রায় ৩০ বছরের পানির সংকটের অবসান হতে যাচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। চট্টগ্রাম ওয়াসা কর্ণফুলী পানি শোধনাগার-১ ও ২ থেকে চুয়েট পর্যন্ত সরাসরি পাইপলাইন স্থাপনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগার থেকে চুয়েটে পানি সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ উপলক্ষে চুয়েট ক্যাম্পাসে ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বর্তমানে চট্টগ্রাম ওয়াসা রাঙ্গুনিয়া উপজেলার পোমরায় অবস্থিত কর্ণফুলী পানি শোধনাগার-১ ও ২ থেকে দৈনিক প্রায় ২৯ কোটি লিটার পানি সরবরাহ করছে। এবার সেই পানি সরবরাহ ব্যবস্থার আওতায় আনা হচ্ছে চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান চুয়েটকে।
১৯৬৮ সালে প্রতিষ্ঠিত চুয়েট বর্তমানে ৫টি অনুষদ ও ১৮টি বিভাগ নিয়ে পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে প্রায় ৬ হাজার ৩৬৭ জন শিক্ষার্থী এবং ৩৬১ জন শিক্ষক রয়েছেন। দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের পানির চাহিদা ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের মাধ্যমে পূরণ করা হচ্ছিল, যা শুষ্ক মৌসুমে সংকট সৃষ্টি করছিল।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, ‘দীর্ঘ ৩০ বছর ধরে পানির সমস্যায় ভুগছে চুয়েট। আশা করছি দ্রুততম সময়ে আমরা চুয়েটে পানি সরবরাহের কাজ সম্পন্ন করতে পারব।’
চুয়েটে ওয়াসার পানি সরবরাহ চালু হলে ভূ-গর্ভস্থ পানির ওপর চাপ কমবে এবং শুষ্ক মৌসুমে পানি সংগ্রহের অনিশ্চয়তা অনেকাংশে দূর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অনলাইন ডেক্স 

























