মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশসহ মোট ৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলা প্রধান বাজারের জমজম টাওয়ারের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সংসদ সদস্য শেখ আবদুল্লাহর সমর্থক এবং কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
সংঘর্ষের সময় শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত, সংসদ সদস্য গ্রুপের রনি (২৭) এবং অপর পক্ষের একজন মেম্বার (৪০) আহত হন। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনার বিষয়ে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ ও কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন ধরেননি।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, ‘দুই পক্ষই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির আয়োজন করেছিল। সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করেছে। বর্তমানে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে আর কোন ঘটনা না ঘটে।’
অনলাইন ডেক্স 
























