জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেছেন, কবি মোহন রায়হান তার সাহিত্যকর্মের মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। শনিবার (২২ আগস্ট) বিকাল ৪টায় রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে কবি মোহন রায়হানের ৭০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান আসাদ এমপি, কবি মতিন বৈরাগী, সাংবাদিক আবু সাইদ খান এবং কমরেড সাইফুল হক। সভাপতিত্ব করেন লেখক ও গবেষক ড. সলিমুল্লাহ খান। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীতের মাধ্যমে শুরু হয় এবং কবি মোহন রায়হানের জীবন ও কর্ম নিয়ে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘অগ্নিপথের কবি’ প্রদর্শিত হয়।
নূরুল ইসলাম মণি বলেন, ‘আমি কবি মোহন রায়হানের দীর্ঘায়ু কামনা করি। তার মত কবি এদেশের জন্য প্রয়োজন।’ বিশেষ অতিথি কবি মতিন বৈরাগী মন্তব্য করেন, মোহন রায়হান ক্ষমতালোভী নন এবং তিনি মানুষের চেতনার বিকাশে কাজ করে যাচ্ছেন।
বক্তারা কবি মোহন রায়হানের সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনে অবদানের কথা উল্লেখ করেন। তারা বলেন, তার জীবন ও সৃষ্টিকর্মে দ্রোহ, প্রতিবাদ, প্রেম, মানবমুক্তি, সাম্য ও স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। মোহন রায়হান বর্তমানে জাতীয় কবিতা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে কবির জীবন, সংগ্রাম ও সাহিত্যকর্মের নানা দিক তুলে ধরা হয়। ‘মোহন রায়হান ৭০ বছর উদযাপন পরিষদ’-এর আহ্বায়ক ড. সলিমুল্লাহ খান বলেন, কবি মোহন রায়হানের জীবন বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত।
অনলাইন ডেক্স 
























