বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মন্ত্রণালয়ে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির শপথ নিয়েছেন। তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করেন।
এখন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুইজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে শামা ওবায়েদ ইসলামও এই মন্ত্রণালয়ে কাজ করবেন।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়েছে এবং শুক্রবার রাতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এক মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করায় কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এক মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকলে তো অসুবিধা নেই।’
হুমায়ুন কবির মন্ত্রিসভায় যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা অর্জন করেছেন এবং বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন।
অনলাইন ডেক্স 
























