স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত জানিয়েছেন, হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে আরও অন্তত দুই থেকে তিন মাস সময় লাগতে পারে। তিনি বলেন, "সবকিছু ঠিকঠাক করলেও হুট করে আগামী সপ্তাহেই হাম বন্ধ হয়ে যাবে-এমন মিথ্যা আশ্বাস আমি কাউকে দেব না।"
আজ বুধবার রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে শিশুদের হাম নিয়ে গবেষণার ফলাফল প্রকাশ ও গবেষণা অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ এবং একবার প্রাদুর্ভাব শুরু হলে তা নিয়ন্ত্রণ করা কঠিন।
তিনি বলেন, "শিশুদের হাম থেকে রক্ষা করতে হাসপাতালের শয্যা, আইসিইউ বা ভেন্টিলেটর বাড়ানোই যথেষ্ট নয়; প্রতিরোধের দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।" টিকার কভারেজ বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন, কারণ ইমিউনাইজেশন ব্যবস্থায় গ্যাপ তৈরি হওয়ায় এই প্রাদুর্ভাবের সৃষ্টি হয়েছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও জানান, টিকা দেওয়ার জন্য প্রয়োজনীয় জনবল কম থাকায় স্বাস্থ্যকর্মীরা ব্যাপক পরিশ্রম করছেন। বর্তমানে ২৫ হাজার টিকাদান কর্মী কাজ করছেন, যা প্রয়োজনের তুলনায় প্রায় ৪০ শতাংশ কম।
তিনি দেশের স্বাস্থ্য পরিস্থিতিকে বৃহত্তর বৈশ্বিক মহামারি প্রস্তুতির অংশ হিসেবে দেখার আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, "গ্লোবাল হেলথে এখন নাম্বার ওয়ান প্রায়োরিটি হচ্ছে প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস।"
অনলাইন ডেক্স 
























