সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর তার মেয়ে দীপাবলি নেওয়াজের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্যারোল মঞ্জুর করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলা কারাগারে থাকা দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বাবার মরদেহ ঢাকায় রেখে বুধবার সকাল থেকেই দীপাবলি মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে বিভিন্ন দপ্তরে দৌড়াদৌড়ি করেন। দুপুর ১২টার দিকে তিনি মুন্সীগঞ্জ কারাগারে মায়ের সঙ্গে দেখা করেন এবং পরে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে চার দিনের জন্য মায়ের প্যারোলে মুক্তির আবেদন জমা দেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীপু মনি প্যারোলে মুক্তি পেয়ে ঢাকায় পৌঁছানোর পর তার স্বামীর মরদেহের জানাজা ও দাফন সম্পন্ন হবে।
উল্লেখ্য, দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং গত মঙ্গলবার রাতে ৭৬ বছর বয়সে তার মৃত্যু হয়। দীপু মনি ১৯ আগস্ট গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন।
অনলাইন ডেক্স 





















