বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থা বেকারত্ব দূর করতে ব্যর্থ হয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষিত বেকার তৈরির কারখানায় পরিণত হয়েছে। তিনি বুধবার (১২ আগস্ট) খুলনার শহিদ আমিনুল ইসলাম বিমান মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কথা বলেন।
সাদ্দাম বলেন, দেশের বেশিরভাগ বেকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তিনি অভিযোগ করেন যে, শিক্ষার্থীদের পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ার কারণে গবেষণাক্ষেত্রে ঘাটতি দেখা দিয়েছে, যা বেকারত্বের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে।
তিনি সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে বলেন, সেখানে শিক্ষার্থীরা বিদেশে পড়তে গেলেও ফিরে আসে, কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীরা বিদেশে পড়ার পর আর দেশে ফিরে আসেন না। সাদ্দাম দুর্নীতিকে বাংলাদেশের পিছিয়ে থাকার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমির মাহফুজুর রহমান। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুল, মিষ্টি, ক্রেস্টসহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়।
অনলাইন ডেক্স 























