সরকার জরুরি গ্যাসের চাহিদা মেটাতে আটটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য নীতিগত অনুমোদন দিয়েছে। এই অনুমোদনটি সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) দেওয়া হয়েছে।
বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৫তম সভায় এই প্রস্তাবগুলো অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তথ্য জানানো হয়।
জানা গেছে, আন্তর্জাতিক অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে গ্যাসের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তিনটি পৃথক প্রস্তাবের ভিত্তিতে মোট আটটি কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
এই আটটি কার্গোর মধ্যে হংকং ঝেনইউ শিপিং, মালয়েশিয়ার পেট্রোনাস, চীনের চায়না রুনজে হোল্ডিংস এবং যুক্তরাষ্ট্রের দারাব ইনকর্পোরেটেড থেকে এলএনজি আমদানি করা হবে।
এছাড়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বিআইডব্লিউটিএ’র প্রকল্পের আওতায় নদী খননসহ আনুষঙ্গিক কাজ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য অ্যানড্রয়েড ট্যাব কেনার প্রস্তাবও অনুমোদিত হয়েছে।
অনলাইন ডেক্স 























