নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম ৯ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত ইব্রাহিম আল মাসুম ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মমিন হাজীর ছেলে এবং তিনি ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন। গত ১ আগস্ট রাতে ফকিরবাড়ি এলাকায় একটি মুদি দোকানে মাসুমসহ কয়েকজন অবস্থান করছিলেন, তখন প্রতিপক্ষের হামলার শিকার হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হামলার সময় মাসুম পেটে গুলিবিদ্ধ হন এবং বাধা দিতে গিয়ে আরও ১০ জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে গুরুতর আহত মাসুমকে পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, মাসুমের বোনজামাই হাসান মো. মহসিন বাদী হয়ে ৪ আগস্ট ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অনলাইন ডেক্স 






















