যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ৩৮ বছর আগে ঘটে যাওয়া একটি হত্যা রহস্যের সমাধান হতে চলেছে। ১৯৮৭ সালের ডিসেম্বরে মেলিসা ‘মিসি’ টেলর এলিসন নামের ২০ বছর বয়সী তরুণীকে তার বাড়িতে হত্যা করা হয়। দীর্ঘ সময় ধরে এই হত্যাকাণ্ডের তদন্ত চললেও, তখন কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সম্প্রতি, ৭০ বছর বয়সী গ্যারি গ্লোওয়াচ পুলিশের কাছে ফোন করে এই হত্যার দায় স্বীকার করেছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, ১৯৮৭ সালের ২৮ ডিসেম্বর ফ্লোরিডার জ্যাকসনভিলে মেলিসার মৃতদেহ তার দুই রুমমেট খুঁজে পান। ময়নাতদন্তের পর জানা যায়, মাথায় ভোঁতা অস্ত্রের আঘাতে মেলিসার মৃত্যু হয়েছে। তবে দীর্ঘ তদন্তের পরও হত্যাকারী শনাক্ত হয়নি।
গ্লোওয়াচ ৮ জুলাই ক্লে কাউন্টি শেরিফের কার্যালয়ে ফোন করে জানান, তিনি একটি পুরোনো অপরাধের বিষয়ে ‘সবকিছু পরিষ্কার’ করতে চান। পরে তিনি স্বীকার করেন, ১৯৮৭ সালে টাকার খোঁজে মেলিসার মাথায় কাঠের গুঁড়ি দিয়ে আঘাত করেছিলেন। তদন্তকারীরা জানিয়েছেন, গ্লোওয়াচের বর্ণনা এমন কিছু সূক্ষ্ম বিবরণ রয়েছে, যা আগে কখনো প্রকাশ হয়নি।
বর্তমানে গ্যারি গ্লোওয়াচকে দ্বিতীয়-ডিগ্রি হত্যা এবং সশস্ত্র চুরির অভিযোগে ডুভাল কাউন্টি জেলে আটক রাখা হয়েছে। মেলিসার মেয়ে ক্যাসি এলিসন, যিনি এখন চল্লিশোর্ধ্ব, জানিয়েছেন যে, দীর্ঘ বছর ধরে তারা এই হত্যার বিচার চেয়ে আসছেন। ২০১৯ সালে মেলিসার মা ক্যাথরিন টেলর মেয়ের খুনির পরিচয় না জেনেই মারা যান।
২০১৮ সালে এই অমীমাংসিত মামলাটি ‘প্রজেক্ট: কোল্ড কেস’ নামের একটি অলাভজনক সংগঠনের হাতে তুলে দেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে সংগঠনটি এবং মেলিসার পরিবার খুনিকে ধরতে জনসাধারণের সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করে। সেই সম্মেলনের পর পাওয়া তথ্যই গ্লোওয়াচকে স্বীকারোক্তি দিতে উদ্বুদ্ধ করেছে বলে জানা গেছে।
অনলাইন ডেক্স 
























