কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সংবর্ধনা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল গফুর। মঙ্গলবার সকালে ইউএনও আফরোজ শাহীন খসরুকে উপজেলা পরিষদ কার্যালয়ে ফুল দিয়ে বরণ করে নেন তিনি।
এ ঘটনার পর রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন। সমালোচকরা বলছেন, সাধারণত প্রশাসনিক কর্মকর্তারা সংসদ সদস্যকে অভ্যর্থনা জানান, কিন্তু এখানে উল্টো ঘটনা ঘটেছে।
স্থানীয় সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সদস্য মিজানুর রহমান বলেন, ‘এভাবে সংসদ সদস্যের দলবল নিয়ে ইউএনওর দপ্তরে গিয়ে সংবর্ধনা দেওয়ার ফলে সরকারি কর্মকর্তার ওপর রাজনৈতিক প্রভাব তৈরি হতে পারে।’
অন্যদিকে, কিছু ব্যক্তি এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে কাজের গতি ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে।
নবনিযুক্ত ইউএনও আফরোজ শাহীন খসরু জানান, তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন এবং এমপি স্যারের সৌজন্য সংবর্ধনা ভবিষ্যতে সমন্বয় করে কাজ করার ক্ষেত্রে সহায়ক হবে।
সংসদ সদস্য আব্দুল গফুরের প্রতিক্রিয়া জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তবে তিনি নিজের ফেসবুক পেজে ওই সংবর্ধনার ছবি পোস্ট করে মিরপুর উপজেলাবাসীর পক্ষ থেকে ইউএনওকে শুভেচ্ছা জানিয়েছেন।
অনলাইন ডেক্স 























