স্পেসএক্স বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট স্টারশিপের ১৩তম পরীক্ষামূলক ফ্লাইট সফলভাবে সম্পন্ন করেছে। এই ফ্লাইটে রকেটটি স্যাটেলাইট উৎক্ষেপণ এবং নির্ধারিত স্থানে অবতরণ করেছে, যা নাসার ২০২৮ সালের মধ্যে মানুষকে চাঁদে পাঠানোর পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্টারবেস উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্টারশিপ রকেটটি উৎক্ষেপণ করা হয়। এটি চলতি বছরে স্টারশিপের দ্বিতীয় পরীক্ষামূলক ফ্লাইট। রকেটটি ৪০৭ ফুট দীর্ঘ এবং এটি পৃথিবীর প্রায় অর্ধেক পথ অতিক্রম করে মহাকাশে ২০টি স্টারলিংক স্যাটেলাইট স্থাপন করে।
নির্ধারিত মিশন শেষে রকেটটি সফলভাবে ভারত মহাসাগরে অবতরণ করে। এর আগের পরীক্ষামূলক ফ্লাইটে অবতরণের সময় রকেটটিতে আগুন ধরে গেলেও এবার এটি প্রথমবারের মতো নিখুঁতভাবে বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করেছে বলে জানিয়েছে স্পেসএক্স।
স্পেসএক্সের প্রকৌশলী কেট টাইস জানান, উৎক্ষেপণ করা স্টারলিংক স্যাটেলাইটগুলোর মধ্যে বিশেষ ক্যামেরাযুক্ত কয়েকটি স্যাটেলাইট রকেটের হিট শিল্ডের ছবি ধারণ করে পৃথিবীতে পাঠাতে সক্ষম হবে। এসব তথ্য ভবিষ্যৎ পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই সফলতার জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। তিনি বলেন, এই পরীক্ষা থেকে পাওয়া অভিজ্ঞতা নাসার আর্টেমিস-৩ মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
অনলাইন ডেক্স 
























