গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে অবস্থিত লিও আইসিটি কেবলস পিএলসি লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক উৎপাদনে আধুনিক প্রযুক্তি ও অটোমেশন সংযোজন করেছে। প্রতিষ্ঠানটি আশা করছে, এই নতুন প্রযুক্তির মাধ্যমে উৎপাদনের গুণগত মান, নির্ভুলতা, নিরাপত্তা এবং সক্ষমতা বৃদ্ধি পাবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গত দুই বছর ধরে দেশে এইচকিউ ব্র্যান্ডের লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক উৎপাদন ও বাজারজাত করে আসছে। দেশীয় বাজারে এ ধরনের ব্যাটারির চাহিদা বাড়ার কারণে উৎপাদন ব্যবস্থায় নতুন প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
নবায়নযোগ্য জ্বালানি, ইলেকট্রিক ভেহিকেল (EV), ইউপিএস, আইপিএস, ডাটা সেন্টার এবং বিভিন্ন শিল্পের জন্য উচ্চমানের লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক উৎপাদনে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। অটোমেটেড উৎপাদন লাইনে প্রতিদিন প্রায় ৪০০টি ব্যাটারি প্যাক উৎপাদন সম্ভব।
বিশ্বব্যাপী বৈদ্যুতিক যানবাহন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ার সঙ্গে লিথিয়াম-আয়ন ব্যাটারির বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশেও এ খাতের চাহিদা বাড়ছে, যা দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ।
প্রতিষ্ঠানটি সরকারের নীতিগত উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ অব্যাহত রেখেছে। বিশেষজ্ঞদের মতে, গবেষণা ও উন্নয়ন, আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
অনলাইন ডেক্স 
























