ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচি চলাকালে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংসদ ভবন অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করার সময় পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২০ জুলাই) সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে যন্তর মন্তর এলাকা থেকে বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্য ও র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ) মোতায়েন করা হয়।
বিক্ষোভকারীরা দাবি করেছেন, সংসদ ভবনের সংলগ্ন এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে আন্দোলনের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে না পড়ে। তাদের অভিযোগ, সিগন্যাল জ্যামার ব্যবহারের কারণে মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে, সংসদের বর্ষাকালীন অধিবেশন উপলক্ষে সংসদ ভবনের বিভিন্ন প্রবেশপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গিয়ে পুলিশ কয়েকজনকে আটক করেছে।
দিল্লি পুলিশ জানায়, সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তবুও সকাল থেকে যন্তর মন্তর এলাকায় বিপুলসংখ্যক সমর্থক জড়ো হন এবং পরে তারা সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন।
অনলাইন ডেক্স 




















