সরকারের প্রতি ইঙ্গিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, জুলাই সনদ এবং জাতি আপনাদের থেকে যেগুলো আশা করছে, সবকিছু বাস্তবায়ন করার পথে এগিয়ে যান। তিনি বলেন, জুলাই আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছে, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়।
রোববার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।
রেজাউল করীম উল্লেখ করেন, চব্বিশের অভ্যুত্থানে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এবং ৫০০'র মতো মানুষ চোখ হারিয়েছে। তিনি বলেন, বারবার যাদের হাতে দেশ তুলে দেই, তাদের কাছে আমাদের দেশ, মানুষ এবং ইসলাম নিরাপদ নয়।
তিনি দেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বলেন, ইতিহাসের ফলাফল ভালোভাবে ভোগ করার জন্য ভালো মানুষের হাতে দায়িত্ব দিতে হবে। তা না হলে শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ঘটনা ঘটতে থাকবে।
সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান এবং ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ প্রমুখ।
অনলাইন ডেক্স 























