রাজধানীর যাত্রাবাড়ী থেকে উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া এক নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আতাউল্লাহ শাহ নামের ওই নেতা এনসিপির গাজীপুর মহানগর শাখার যুগ্ম সদস্যসচিব ছিলেন।
মঙ্গলবার (৭ জুলাই) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারাদেশের কথা জানানো হয়। চিঠিটি এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। বর্তমানে আতাউল্লাহ পুলিশ রিমান্ডে রয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে একটি গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। এই কারণে আপনাকে এনসিপির গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব পদসহ দলের সব সাংগঠনিক দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।’
এর আগে ৫ জুলাই সকালে যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকার একটি বালুর মাঠ থেকে আতাউল্লাহসহ ছয় যুবককে আটক করে পুলিশ। পুলিশ আদালতে তাদের তিন দিনের রিমান্ডের আবেদন করে, যা মঞ্জুর হয়।
পুলিশের দাবি, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা অভিযান চালায় এবং আটককৃতরা উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে প্রশিক্ষণের জন্য সমবেত হয়েছিলেন।
রিমান্ড শেষে বুধবার (৮ জুলাই) আদালত আতাউল্লাহ শাহসহ চারজনকে কারাগারে পাঠিয়েছে, অন্য দুজনকে আরও তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
অনলাইন ডেক্স 























