বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, এর মাধ্যমে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং সব গণহত্যার বিচারের দাবি পূরণ হবে। বুধবার (৮ জুলাই) সকালে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এর মাল্টিপারপাস হলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় সেমিনারে তিনি এ কথা বলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ। প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, গত সাড়ে ১৭ বছরে দেশের মানুষ হত্যা, গুম, নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছে। তিনি বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান দেশের জন্য একটি বড় সুযোগ হিসেবে এসেছে।
তিনি আরও বলেন, আহত, শহীদ ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো সময়ের দাবি। তবে কিছু রাজনৈতিক দলের এ বিষয়ে অনিহা রয়েছে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো জনগণের সঙ্গে বারবার প্রতারণা করেছে এবং প্রতিশ্রুতি ভুলে গেছে, যা রাজনীতির প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন করেছে।
জামায়াত আমির বলেন, দেশের রাজনীতিতে মৌলিক পরিবর্তন ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে। তিনি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা মেনে নেওয়া হবে না বলেও উল্লেখ করেন।
তিনি সকলকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, আইন নিজের হাতে তুলে নেয়ার পক্ষে তারা নন। তবে জনগণের রায় ও জুলাইয়ের চেতনাকে অসম্মান করার চেষ্টা হলে তরুণ সমাজ তা মেনে নেবে না।
অনলাইন ডেক্স 























