ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি আয়োজিত নাগরিক সমাবেশে বক্তব্য দেন। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে অনেকেই ভোটের মাধ্যমে বেহেশতের টিকিট বিক্রি করেছিল, কিন্তু এখন তাদের দেখা যায় না। মানুষকে ধোঁকা দেওয়া একটি বড় ধরনের অপরাধ।’
সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের বিভিন্ন জেলার মানুষ ঢাকায় বসবাস করছে, যার ফলে তাদের জীবনধারা ভিন্ন হয়ে গেছে। তিনি মাদক নিয়ন্ত্রণে কেরানীগঞ্জ বিএনপির ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে বলেন, ‘মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য আমি সবাইকে আহ্বান জানাই।’
তিনি আরও বলেন, ‘সমাজের কিছু দায়িত্ব জনগণকেও নিতে হবে। জনগণ দায়িত্বশীল না হলে জবাবদিহি নিশ্চিত করা সম্ভব নয়।’ গয়েশ্বর ইভ টিজিং প্রতিরোধে বিদ্যালয়ের আশপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাসও দেন।
সমাবেশে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা মোকারাম হোসেন সাজ্জাদ, আশরাফ আজাদ হোসেন, মুজাহিদ ইসলাম মামুনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 





















