গাইবান্ধায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির জেলা শাখা বুধবার (০১ জুলাই) এই কর্মসূচি আয়োজন করে, যেখানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
শ্যামনগর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শ্যামনগর জেসি কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। আয়োজকদের দাবি, কর্মসূচিতে প্রায় এক হাজার নেতাকর্মী ও শিক্ষার্থী অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুবায়ের হোসেন। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবদুর রহিম, এবং বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সাবেক সাতক্ষীরা জেলা সভাপতি সাঈদী হাসান বুলবুল।
সমাবেশে আবদুর রহিম বলেন, সাইফুল্লাহ বারী হত্যার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে। তিনি প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের আহ্বান জানান। সভাপতি জুবায়ের হোসেন বলেন, ছাত্রশিবির শান্তিপূর্ণ সংগঠন, তবে হত্যার বিচার না হলে ছাত্রসমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
সমাবেশে জেলা প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান রানা, জেলা মাদ্রাসা সম্পাদক আনিসুর রহমান, জেলা সমাজসেবা সম্পাদক আব্দুস সামাদ, শ্যামনগর পূর্ব শাখার সভাপতি রাশেদুল ইসলাম, পশ্চিম শাখার সভাপতি আমিনুর রহমান এবং পৌর শাখার সেক্রেটারি আবু জাফরসহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 






















