ঢাকা-১৫ আসনের উন্নয়ন কর্মকাণ্ডে সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বুধবার (১ জুলাই) রাজধানীর মিরপুরে স্থানীয় নাগরিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন।
শফিকুল ইসলাম খান বলেন, ঢাকা-১৫ তাঁর দায়িত্বের এলাকা এবং এটি বিরোধীদলীয় নেতারও নির্বাচনী এলাকা। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারি ও বিরোধী দল জনগণের কল্যাণে সমন্বিতভাবে কাজ করবে এবং এলাকার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, ডিএনসিসি জনগণের সেবায় নিরলসভাবে কাজ করছে এবং 'ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা' গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে রয়েছে নিয়মিত বর্জ্য অপসারণ, ডেঙ্গু নিয়ন্ত্রণ, খাল পুনরুদ্ধার ও সংস্কার।
মতবিনিময় সভায় স্থানীয় জনগণকে ডেঙ্গু প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, পানি ও গ্যাস সংকট নিরসনে সিটি করপোরেশনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান একসঙ্গে নাগরিক সমস্যার সমাধানে কাজ করার বিষয়ে ঐক্যবদ্ধ হন।
সভায় পশ্চিম শেওড়াপাড়া ও মনিপুর এলাকায় পানি সংকট নিরসনে পাঁচটি পানির পাম্প স্থাপনের জন্য স্থান নির্ধারণে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়। এছাড়া, প্রতিটি পাম্পের জন্য ২০ লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন রাজনৈতিক নেতারা। অনুষ্ঠানে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 






















