ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শনিবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত এক সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি প্রয়োজনে তাকে দেশে আসার টিকিট দেওয়ার কথাও বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইয়াসের খান চৌধুরী বলেন, যারা মানুষ হত্যা করে পালিয়ে গেছেন, তাদের দেশে ফিরে আসতে হবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জনগণ তাদের হুংকার বুঝে গেছে এবং তাদের বিচার দেশের মাটিতেই হবে।
প্রতিমন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে যারা দেশের মানুষের ভোটাধিকার হরণ, দুর্নীতি ও গুম-খুনের সঙ্গে জড়িত, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। তিনি স্থানীয় নেতাকর্মী ও জনগণের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবং এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাওয়া ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
সমাবেশে নান্দাইলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে তিনি জানান, ইতিমধ্যে ১৮৬টি রাস্তা ইটের সোলিং করা হয়েছে এবং আরও ১০৪টি রাস্তার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া গৃহহীনদের পুনর্বাসনে ৩৬টি ঘর প্রদান করা হয়েছে এবং চলতি বছরে আরও ১০৪টি ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের মতামতের ভিত্তিতে বিএনপি সমর্থিত প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে। তিনি সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি ভবিষ্যতেও তাদের সেবা করে যেতে চান।
অনলাইন ডেক্স 




















