জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে বিএনপির একটি কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি গান বেজে ওঠে। ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ শিরোনামের গানটির ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শনিবার (৭ নভেম্বর) এ ঘটনা ঘটে। আয়োজকদের দাবি, ইউটিউবে বিএনপির দলীয় গান প্রচারের সময় স্বয়ংক্রিয়ভাবে গানটি চালু হয়ে যায় এবং বিষয়টি বুঝতে পেরে দ্রুত তা বন্ধ করে দেওয়া হয়।
জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার সকাল থেকে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে মাইকে বিএনপির দলীয় গান ও ভাষণ প্রচার করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় আগ্রাবাদের একটি কর্মসূচিতে হঠাৎ শেখ হাসিনাকে নিয়ে লেখা গানটি বেজে ওঠে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। চট্টগ্রাম নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, তিনি ঘটনার বিষয়ে অবগত ছিলেন না, তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বলেন, অন্য একটি দলের গান বাজানোর ভিডিওটি তাঁর নজরে এসেছে এবং কীভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সল জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়োজকদের সঙ্গে কথা বলেছে এবং আয়োজকেরা বিষয়টি ইচ্ছাকৃতভাবে হয়নি বলে দাবি করেছেন।
অনলাইন ডেক্স 





















