খুলনায় ব্যবসায়ী সৈয়দ হুমায়ুন কবিরকে হত্যার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতের লাশের সামনে দাঁড়িয়ে তার ভাতিজা সৈয়দ দিদারুল আলম বিপ্লব এই অভিযোগ করেন।
দিদারুল আলম বিপ্লব জানান, নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেনের সঙ্গে পাওনা টাকা নিয়ে বিরোধ ছিল হুমায়ুন কবিরের। রবিবার সন্ধ্যায় আরাফাত ও তার সহযোগীরা হুমায়ুনের ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হুমায়ুন কবির (৪৫) রায়েরমহল বড় মসজিদের পেছনে বসবাস করতেন এবং তিনি মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার হত্যার ঘটনায় স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিমুর রহমান জানান, কিস্তিতে ফ্রিজ কিনে টাকা পরিশোধ না করার জেরে এই হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুদর্শন কুমার রায় বলেন, হত্যাকাণ্ডের নেপথ্যে আরও কারণ রয়েছে কি না, তা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
অনলাইন ডেক্স 



















