জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সকল সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে সরকার।
রোববার (১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের বিধি শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন উপলক্ষে ৭ নভেম্বর সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করতে গত ৫ অক্টোবর সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপন সংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত হিসেবে দিবসটি রাখা হয়েছে।
৭ নভেম্বর মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে অভ্যুত্থান ঘটে, যার ফলে জিয়াউর রহমান গৃহবন্দি হন। পরে কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে তিনি মুক্ত হন এবং ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।
দিনটিকে বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস হিসেবে পালন করে। তবে আওয়ামী লীগ সরকারের সময় জাতীয় দিবসের তালিকায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ অন্তর্ভুক্ত ছিল না।
অনলাইন ডেক্স 
















