জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত ফেসবুকে দুটি পোস্ট করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদককে নিজের মৃত্যুর জন্য দায়ী করেন। পোস্ট দুটি ২৩ অক্টোবর মধ্যরাতে ‘AC Land Jamalganj’ নামের পেজে প্রকাশিত হয় এবং পরে মুছে ফেলা হয়।
পোস্টের পর ইউএনওর অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয় যে, এসিল্যান্ডের ফেসবুক হ্যাক হয়েছে। ইউএনও জানান, এসিল্যান্ড অসুস্থ ছিলেন এবং তার স্ত্রী পোস্ট দুটি মুছে দিয়েছেন।
জানা গেছে, এসিল্যান্ডের বাসায় জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এসিল্যান্ডের স্ত্রী জানান, তিনি মানসিকভাবে অসুস্থ। পরে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক এসে তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং রাতেই সিলেটে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউএনওর মেয়ে জন্মদিনের অনুষ্ঠানে এসিল্যান্ড অস্বাভাবিক আচরণ শুরু করেন এবং নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের মারধর করেন। ইউএনও বলেন, এসিল্যান্ড নিয়মিত ঘুমের ইনজেকশন নেন, যা জামালগঞ্জের ফার্মেসিতে পাওয়া যায় না।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, এসিল্যান্ডকে রাত ১টার পর সিলেটে পাঠানো হয়। ইউএনওর বক্তব্য অনুযায়ী, তার মানসিক অবস্থার কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে।
অনলাইন ডেক্স 
























