সাভারে ১৩ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল বারীর বিরুদ্ধে করা মামলার বাদীকেও নতুন একটি মামলায় আসামি করা হয়েছে। এই মামলায় মাদ্রাসায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন আব্দুল বারীর বড় ছেলে মো. উমায়ের। পুলিশ জানিয়েছে, মামলায় মোট ২১ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকি ১৫ জন অজ্ঞাতনামা।
মামলায় অভিযোগ করা হয়েছে যে, মাদ্রাসা থেকে ৪৭ লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালংকার এবং ৭ লাখ টাকার আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল লুট করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মামলায় নাম উল্লেখ করা ছয়জনের মধ্যে ধর্ষণ মামলার বাদীর দাদা রয়েছেন।
মো. উমায়ের দাবি করেছেন, তার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগটি মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, মাদ্রাসার জায়গা দখল ও লুটপাটের উদ্দেশ্যে এই অভিযোগ তোলা হয়েছে।
অন্যদিকে, ধর্ষণ মামলার বাদী ও তার পরিবারের সদস্যরা মাদ্রাসায় লুটপাটের মামলায় বাদীকে আসামি করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেছেন যে, ধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুল বারী এখনও গ্রেফতার হয়নি।
অনলাইন ডেক্স 























