বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমালোচনা করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ভোট শেষ হওয়ার পর পূজামণ্ডপে জামায়াত নেতাদের দেখা মেলেনি। তিনি অভিযোগ করেন, তারা ভোটের সময় বেহেশতের লোভ দেখান, কিন্তু পরে জনগণের খোঁজ নেন না।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় বগুড়ার মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবসৃষ্ট স্বর্ণগ্রাম ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সরকার দেশের সব উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করছে এবং আগামী চার বছরের মধ্যে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তিনি কৃষকদের জন্য কৃষক কার্ড এবং ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বেতন-ভাতার ব্যবস্থা করার কথাও উল্লেখ করেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে থাকবে এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি বিএনপির প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে বলেন, তাদের ভোট দিলে গ্রামাঞ্চলে উন্নয়ন সহজ হবে এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
অনলাইন ডেক্স 
























