জাপানের ইয়োকোহামায় চিত্রশিল্পী কামরুল হাসান লিপুর প্রথম একক চিত্রপ্রদর্শনী ‘DOT: The Beginning of Everything— বিন্দু থেকে সৃষ্টি’ শুরু হয়েছে। প্রদর্শনীটি ২০ অক্টোবর বিকেল ৩টায় গ্যালারি শিমিজুতে উদ্বোধন করা হয়।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎসুদো সিটি কাউন্সিলর মির কাজুয়ে। এছাড়া জাপানি চিত্রশিল্পী আসানো ইয়াসুনোরি, পেপার কাটিং শিল্পী মিতা চিকাকো এবং গ্যালারি শিমিজুর প্রতিনিধি শিমিজু কাজুএ উপস্থিত ছিলেন। প্রদর্শনীটি ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এবং এতে ৪১টি চিত্রকর্ম স্থান পেয়েছে।
শিল্পী কামরুল হাসান লিপু তাঁর কাজের মাধ্যমে বাংলাদেশের মানুষ, প্রকৃতি ও লোকজ জীবনের স্মৃতি তুলে ধরেছেন। নারীমুখ, শাপলা এবং শাড়ির অলংকরণ তাঁর চিত্রভাষার গুরুত্বপূর্ণ অংশ। প্রদর্শনীর শিরোনাম শিল্পীর সৃষ্টির প্রক্রিয়ার একটি প্রতিফলন, যেখানে একটি বিন্দু থেকে শুরু করে রেখা ও আকারের মাধ্যমে দৃশ্যমান জগতের বিস্তার তুলে ধরা হয়েছে।
লিপুর চিত্রকর্মে নারীমুখের বিভিন্ন দিক এবং শাপলার সঙ্গে তাঁর শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। ‘The Sari of Stories’ শিরোনামের কাজটিতে নারী ও ফুলের বিন্যাসে শাড়িকে স্মৃতি ও গল্পের বাহন হিসেবে উপস্থাপন করা হয়েছে।
প্রদর্শনীর ক্যাটালগে শিল্পী রফিকুন নবী, জামাল আহমেদ, অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ এবং জাপানি শিল্পসমালোচক ইকুফুমি ফুকুজাওয়া লিপুর কাজের মূল্যায়ন করেছেন। দর্শনার্থীরা প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদর্শনীটি দেখতে পারবেন।
অনলাইন ডেক্স 
























