বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শাখা ছাত্রদলের তিন নেতাকর্মীকে মারধরের অভিযোগে এক ছাত্রলীগকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে বরিশাল নগরী থেকে তাজ নামে ওই ছাত্রলীগকর্মীকে গ্রেফতার করা হয়।
তাজ বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বুধবার (২১ অক্টোবর) সকালে বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃতকে কোর্টে চালান করা হবে।
জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশের নলছিটি হাউজিং এলাকায় গাঁজা সেবনরত অবস্থায় বরিশাল মহানগর ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা ইমরান মাহমুদুলসহ কয়েকজন।
এ ঘটনার পর তাজের নেতৃত্বে কয়েকজন সংগঠিত হয়ে ইমরান মাহমুদুলসহ ছাত্রদলের তিন নেতাকর্মীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলার প্রতিবাদে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেন, পরে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলে নেন।
ওসি ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় জড়িত অন্যদেরকেও আইনের আওতায় আনা হবে।
অনলাইন ডেক্স 

























