মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান দেশের স্বাস্থ্য খাতের অবস্থা ‘মাদার অব অল দুর্নীতি’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, বাজেটে বিপুল অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও দুর্নীতির কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে কুলাউড়া শহরের মেরিনা স্কয়ারে ‘মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
বক্তব্যে নাসের রহমান মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে টেন্ডার ছাড়াই ১ কোটি ২০ লাখ টাকা উত্তোলনের গুরুতর অভিযোগ তুলে ধরেন। তিনি দাবি করেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) যৌথভাবে এই অর্থ উত্তোলন করেছেন। বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত কার্যক্রম শুরু করেছে বলেও জানান তিনি।
এ সময় তিনি দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সার্বিক উন্নয়নে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করছেন বলেও জানান। সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাত ও করপোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার জন্য বিত্তবান ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে তার প্রতিষ্ঠান সারা দেশে স্বাস্থ্য ও জনকল্যাণমূলক আধুনিক উদ্যোগ পরিচালনা করে আসছে। সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
অনলাইন ডেক্স 

























